বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি টিচিং হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত একটি মেছোবাঘের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক দীন মোহাম্মদ দীনু বিষয়টি নিশ্চিত করেছেন।
দীন মোহাম্মদ দীনু জানান, গত ১২ জানুয়ারি নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় একটি মেছোবাঘ (ফিশিং ক্যাট) বাকৃবির ভেটেরিনারি হাসপাতালে নিয়ে আসেন বনবিভাগের লোকজন। বাকৃবিতে ওইদিনই এর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
বাঘটির মুখগহ্বর ও রস্ট্রাম অংশে একাধিক ক্ষত ছিল। এর মধ্যে একটি ক্ষত ছিল নিম্ন চোয়ালের বাম ভেন্ট্রোল্যাটারাল অংশে, যার দৈর্ঘ্য প্রায় ২ ইঞ্চি। জিহ্বার অগ্রভাগে প্রায় ৯০ শতাংশ জুড়ে গভীর আড়াআড়ি ছেঁড়া ক্ষত ছিল। এ ছাড়া উপরের তালুর মধ্যরেখা বরাবর প্রায় ৮০ শতাংশ (দৈর্ঘ্য প্রায় ৩.৫ ইঞ্চি) দীর্ঘ ফাটল দেখা যায়।
তিনি আরো জানান, ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রধান ডা. মো. রফিকুল আলমের নেতৃত্বে ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদুল আলমসহ টিমের সদস্যরা সফলভাবে বাঘটির অস্ত্রোপচার সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। বনবিভাগের কর্মকর্তারা বাঘটিকে উদ্ধার করে মারাত্মক আহত অবস্থায় ভেটেরিনারি টিচিং হাসপাতালে নিয়ে আসে। বাকৃবির দক্ষ ভেটেরিনারিয়ান চিকিৎসক দল কর্তৃক প্রাণিটিকে অজ্ঞান করা হয়। এরপর বাঘের ক্ষত পরিষ্কার এবং সেলাইয়ের মাধ্যমে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করে।
চিকিৎসকরা জানান, অস্ত্রোপচারের পর অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক, অ্যান্টিহিস্টামিনিক এবং তরল থেরাপি দেওয়া হয়েছে। প্রাণীটিকে অস্ত্রোপচার পরবর্তী পরিচর্যায় রাখতে হবে। অন্তত ১০ দিন নিয়মিত ওষুধ ও ফলোআপ নিশ্চিত করতে হবে।























