ঢাকা   বুধবার
০৪ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

নাইজেরিয়ায় বাচ্চা ফুটাবে বাংলাদেশের ডিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫০, ২৯ জুন ২০২৬

নাইজেরিয়ায় বাচ্চা ফুটাবে বাংলাদেশের ডিম

ঢাকা, ২৮ জুন: দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে আন্তর্জাতিক বাজারে প্রাণিসম্পদ খাতের পণ্য রপ্তানি করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, পণ্য রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে এবং সামগ্রিকভাবে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।

আজ রবিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ায় হ্যাচিং এগ (ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম) রপ্তানি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারের সময়ে এটিই প্রথম হ্যাচিং এগ রপ্তানির চালান।

প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী দেশের প্রতিটি খাতকে রপ্তানিমুখী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছেন। তাঁর দূরদর্শী নির্দেশনায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতও ধীরে ধীরে একটি শক্তিশালী রপ্তানিমুখী খাতে পরিণত হবে। আজকের এই রপ্তানি কার্যক্রম সেই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং দেশের রপ্তানি বহুমুখীকরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।”

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ যখন নিজস্ব চাহিদা পূরণ করে বিদেশে পণ্য রপ্তানি করতে সক্ষম হয়, তখন তা দেশের সক্ষমতারই প্রতিফলন। এটি শুধু একটি বাণিজ্যিক কার্যক্রম নয়, বরং বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের একটি বড় অর্জন। ভবিষ্যতে এই রপ্তানির পরিধি আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এক নজরে উদ্বোধনী চালানের বিবরণ:

  • রপ্তানিকারক প্রতিষ্ঠান: কাজী ফার্মস লিমিটেড (বেসরকারি খাত)

  • রপ্তানি গন্তব্য: নাইজেরিয়া

  • পণ্যের পরিমাণ ও জাত: ১০,৪৪০টি 'Ross 308 Broiler' জাতের প্যারেন্ট হ্যাচিং এগস্

  • চালানের আর্থিক মূল্য: ১৮,৭২৯ মার্কিন ডলার

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজামান খান বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রাণিসম্পদ অধিদপ্তর একটি রপ্তানিমুখী ও আন্তর্জাতিক মানসম্পন্ন খাত গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডা. সাখাওয়াত হোসেন, উপপরিচালক ডা. শারমিন সামাদ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কোয়ারেন্টাইন স্টেশনের ইনচার্জ ডা. মোহাম্মদ ওমর ফারুক, কাজী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জিশান হাসান, পরিচালক কাজী জাহিন হাসান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (পোলট্রি ব্যবসা) গাজী এম শামসুদ্দিন প্রমুখ।

সর্বশেষ