কুড়িগ্রামের উলিপুরে আহত অবস্থায় একটি ময়ূর উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ বাজার এলাকার সাদ্দাম হোসেনের বাড়ি থেকে ময়ূরটি উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান ও উপজেলা বন বিভাগের কর্মকর্তারা।
স্থানীয়রা জানায়, গত শনিবার দুপুরে দেলদারগঞ্জ এলাকার ব্রহ্মপুত্র নদের তীরে একটি ভুট্টাক্ষেতের পাশে ময়ূরটি দেখতে পায় এলাকাবাসী। পরে লোকজন ময়ূরটিকে ধরার চেষ্টা করলে এক পর্যায়ে ভুট্টাক্ষেতের জালে আটকা পড়ে।
পরে ওই এলাকার সাদ্দাম হোসেন ময়ূরটিকে আহত অবস্থায় ধরে এনে নিজ বাড়িতে রাখেন। ময়ূরটির ওজন প্রায় চার কেজি বলে জানায় স্থানীয়রা।
উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক বলেন, উদ্ধার করা ময়ূরটির বাঁ পায়ে ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত ময়ূরটিকে পরবর্তী চিকিৎসা ও সংরক্ষণের জন্য রংপুর বন বিভাগীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।























