ঢাকা   মঙ্গলবার
২৪ নভেম্বর ২০২৬
৯ অগ্রাহায়ণ ১৪৩৩, ১২ জমাদিউস সানি ১৪৪৮

আগাম আলু মাঠেই বিক্রি ৬২ টাকা কেজি দরে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:১১, ১ ডিসেম্বর ২০২৫

আগাম আলু মাঠেই বিক্রি ৬২ টাকা কেজি দরে

সাত বিঘা জমিতে ক্যারেজ জাতের আগাম আলুর চাষ করেছেন আমিনুল ইসলাম। বুধবার থেকে সেই আলু তুলতে শুরু করেছেন। জমি থেকেই তাঁর আলু পাইকাররা কিনে নিচ্ছেন ৬২ টাকা কেজি দরে। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামে বাড়ি আমিনুলের। সেখানেই জমি তাঁর। এই চাষি জানিয়েছেন, মৌসুমের শুরুতেই বৃষ্টি হয়েছিল। এতে জমিতে পানি জমে কিছু আলু নষ্ট হয়। গত মৌসুমে একই সময় আলুর দাম বেশি ছিল। তাই এবার তেমন লাভ হবে না। 

অন্য কৃষকরা বলছেন, এবার বীজ আলুর দাম কম ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগে ফলন ভালো হয়নি। তাই খুব বেশি লাভ হবে না। গতবার একই সময়ে আগাম আলু তারা ৮৫-৯৫ টাকা কেজি দরে পাইকারের কাছে বিক্রি করেছিলেন। এবার সেই তুলনায় দর কম হলেও ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানোর আশা করছেন তারা।

যদিও স্থানীয় খুচরা বাজারে একই আলুর দর মাঠে কেনা পাইকারি দরের চেয়েও কম। গতকাল শনিবার সকালে ফুলবাড়ী পৌর বাজারের কাঁচামাল ব্যবসায়ী শাহ জামাল মিয়া জানান, তিনি প্রতিকেজি আলু বিক্রি করছেন ৫০-৬০ টাকার মধ্যে। 

এর কারণ অনুসন্ধানে জানা গেছে, পাইকাররা স্থানীয় বাজারের জন্য কৃষকের কাছ থেকে আগাম আলুর ৫০-৫২ টাকার বেশি দরে কিনছেন না। বাধ্য হয়ে এ দামেই বিক্রি করতে হচ্ছে। তবে ঢাকা, রাজশাহীসহ অন্য জেলার জন্য তারা ৬২-৬৫ টাকায় কিনছেন পাইকাররা। 

শিবনগর ইউনিয়নের আমডুঙ্গি বাজারের পাশের গঙ্গাপ্রসাদ গ্রামের পাইকার লুৎফর রহমান, মানিক সরকার, বাদশা হোসেন ও খাদেম হোসেনের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তারা জানান, এলাকার কৃষকের জমি থেকেই ৬২-৬৫ টাকা কেজি দরে আলু কিনছেন তারা। পরে সেই আলু ট্রাকে তুলে নাটোর, রাজশাহী, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল ও ময়মনসিংহের বিভিন্ন বাজারে পাঠাচ্ছেন। এসব শহরে আলুর দাম বেশি পাচ্ছেন। 

শুক্রবার বিকেলে উপজেলার শিবনগর ইউনিয়নের জমিতে নারী-পুরুষ শ্রমিকদের আলু তুলতে দেখা যায়। তাদের কেউ মাটি খুঁড়ছেন, কেউ আলু কুড়িয়ে ডালায় রাখছেন, কেউ বস্তায় ভরছেন। কোথাও আবার ডিজিটাল মিটারে চলছে ওজন পরিমাপের কাজ। পরে সেখান থেকে আলুগুলো নদীতে ধুয়ে বস্তাভর্তি করে ট্রাকে তোলা হচ্ছে। দেশের বিভিন্ন এলাকার পাইকাররা জমিতেই ওজন শেষে বস্তাভর্তি করে কৃষকদের দাম পরিশোধ করছেন।

ওই ইউনিয়নের নুরপুর গ্রামের কৃষক বাবলু মিয়া বলেন, তিন বিঘা জমিতে ক্যারেজ জাতের আগাম আলু চাষ করছেন। আলু তোলা শুরু করেছেন। তবে উৎপাদন কেমন হবে, তা এখনও বোঝা যাচ্ছে না। তবে এ বছর বীজের দাম কম ছিল বলে কিছুটা পুষিয়ে নেওয়া যাবে। আলু তোলা শেষ হলে তিনি একই জমিতে ভুট্টা আবাদ করবেন।

একই গ্রামের খলিলুর রহমান দুই বিঘা জমিতে ক্যারেজ জাতের আলু চাষ করেছেন। কয়েক দিনের মধ্যেই আলু তোলা শুরু করবেন। 

তিনিও আশা করছেন, বীজের দাম কম থাকায় ক্ষতি কিছুটা পুষিয়ে যাবে। 

নতুন আলুর চাহিদা বেশি হওয়ায় জমি থেকেই কিনতে এসেছিলেন স্থানীয় পাইকার মনছুর আলী ও রবিউল ইসলাম। তারা বলেন, ক্যারেজ জাতের আলু তারা প্রতিকেজি কিনছেন ৬৫ টাকা দরে। ঢাকায় নিয়ে তা এক টাকা বেশি হলেও ছেড়ে দেবেন। 

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় এক হাজার ৮৭০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা রয়েছে। এর মধ্যে ৭৫০ হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষাবাদ করা হয়েছে। গত বছর চাষের লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ৭৫০ হেক্টর। এর মধ্যে ৭২০ হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষ হয়েছিল। 

কর্মকর্তারা জানিয়েছেন, এ উপজেলার মাটি ও আবহাওয়া আলু চাষের জন্য খুবই উপযোগী। প্রতিবছর কৃষকরা আগাম আলু চাষ করে দ্বিগুণ লাভ করেন। তবে এবার আবহাওয়ার কারণে কিছুটা ক্ষতি হয়েছে। চলতি মৌসুমের শুরুতেই বৃষ্টির পানি জমে পাঁচ হেক্টর জমির আগাম আলুর ক্ষতি হয়েছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লাহ মোস্তাফিন বলেন, ‘প্রতিবছর এ এলাকার কৃষক আগাম আলু চাষ করে লাভবান হন। যে কারণে আগ্রহ বাড়ছে তাদের। তাই আলু চাষ বৃদ্ধি পাচ্ছে। আগাম আলু তোলার পর ওই জমিতে ভুট্টা রোপণ করেন চাষিরা। এতে ফসল আবর্তনের মাধ্যমে জমির উর্বরতাও বৃদ্ধি পায়।’ 

সর্বশেষ