সাদিক অ্যাগ্রোর ব্রাহমা জাতের গরুর মাংস কেজি দরে বিক্রি করা হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর খিলগাঁওয়ের খলিল গোশত বিতানে এই মাংস বিক্রি করা হয়। প্রতি কেজি মাংস এক হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে।
এই মাংস বিক্রি সম্পর্কে জানতে চাইলে খলিল গোশত বিতানের মালিক খলিলুর রহমান বলেন, ‘ব্রাহমা জাতের পাঁচটি গরু আমি নিলামের মাধ্যমে পেয়েছি।
১১ জন নিলামে অংশ নিয়েছিলাম। পাঁচটি গরু বিভিন্ন দামে কিনেছি।’ তিনি আরো বলেন, ‘জনসম্মুখে মাংস কেটে এখন বিক্রি করছি। বিক্রিতে মানুষের ভালো সাড়া পাচ্ছি।
উচ্চমূল্যের এই গরু কম মূল্যে বিক্রি করছি, যাতে সাধারণ মানুষ খেতে পারে।’
ব্রাহমা জাতের গরুর মাংস কিনতে পেরে খুশি ক্রেতারা। মাংস কিনতে আসা এক ক্রেতা বলেন, ‘আমরা সাধারণত ব্রাহমা জাতের এই গরুগুলো কোরবানির সময় কিনতে পারতাম না। এখন কেজি দরে বিক্রি করায় একটু হলেও কিনতে পারছি।
আরেক ক্রেতা বলেন, ‘গরু, মহিষ, খাসির মাংস তো খেয়েছি, কিন্তু ব্রাহমা জাতের গরুর মাংস কখনো খাইনি। তাই টেস্ট করার জন্য মাংস নিচ্ছি। পরিবারের সবাই মিলে খাব।’























