ঢাকা   বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬
১৩ ফাল্গুন ১৪৩২, ০৯ রমজান ১৪৪৭

এক জালে ধরা পড়লো ৩১ লাখ টাকার কোরাল মাছ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

এক জালে ধরা পড়লো ৩১ লাখ টাকার কোরাল মাছ

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া একটি ফিশিং ট্রলারের জালে ধরা পড়েছে প্রায় ১ হাজার ১০০টি লাল কোরাল মাছ। ট্রলার মালিকের দাবি, মাছগুলোর মোট ওজন প্রায় ১২০ মণ। ঘাটে এনে মণপ্রতি ২৬ হাজার টাকা দরে বিক্রি হওয়ায় যার সর্বমোট মূল্য দাঁড়িয়েছে ৩১ লাখ টাকা।  

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পরে (২৫ ফেব্রুয়ারি) ট্রলারটি টেকনাফ পৌরসভার কাইয়ুখ খালী ঘাটে পৌঁছালে ক্রেতাদের মধ্যে কেনার প্রতিযোগিতা শুরু হয়। এর আগে বিকেলে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-

প্রথমে জেলেরা ৪৫ লাখ টাকা দাম হাঁকলেও পরে মণপ্রতি ২৬ হাজার টাকায় বিক্রির বিষয়ে সমঝোতা হয়। এখনও পুরো ওজন শেষ হয়নি বলে জানা গেছে। ট্রলারটির স্থানীয় বাসিন্দা মালিক মোহাম্মদ মিজান ও হারুন। ধরা পড়া মাছের একটি অংশ কক্সবাজারে এবং বাকিটা ঢাকায় পাঠানো হবে। 

মাঝি রহমত উল্লাহ জানান, আরাকান আর্মির ভয়ে সপ্তাহখানেক সাগরে যাওয়া হয়নি। শনিবার মাছ ধরতে গিয়ে মঙ্গলবার বিকেলে জাল তোলার সময় বিপুল পরিমাণ কোরাল ধরা পড়ে। প্রতিটি মাছের ওজন পাঁচ থেকে ছয় কেজির মধ্যে।

১৭ জন মাঝিমাল্লা নিয়ে ট্রলারটি গভীর সাগরে যায় বলে জানান ট্রলার মালিক মিজান। তিনি বলেন, জেলেদের অংশ হিসেবে ১০০টি মাছ রাখা হয়েছে। বাকি প্রায় ১০০০টির মতো মাছ বিক্রি করা হচ্ছে। মণপ্রতি ২৬ হাজার টাকা হিসেবে প্রতি কেজি আনুমানিক ৬৫০ টাকায় দর ঠিক হয়েছে। সাম্প্রতিক সময়ে সাগরে মাছের আকাল থাকায় এ চালানে জেলেদের ঘাটতি কিছুটা পুষিয়ে যাবে।

ঘাটের মাছ ব্যবসায়ী রশিদ আহমেদ বলেন, 'মাছের মোট ওজন প্রায় ১২০ মণ হবে। সে হিসেবে প্রায় ৩১ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করতে হবে। রমজান সামনে থাকায় বাজারে সামুদ্রিক মাছের চাহিদা বেড়েছে, বিশেষ করে লাল কোরালের চাহিদা আছে বলে জানান তিনি।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা উমুল ফারা বেগম তাজকিরা বলেন, লাল কোরাল সুস্বাদু ও পুষ্টিগুণে সমৃদ্ধ একটি মাছ। এটি ভেটকির প্রজাতিভুক্ত (Lates Calcarifer) এবং সর্বোচ্চ প্রায় ৯ কেজি পর্যন্ত হতে পারে। এতে প্রোটিন, ভিটামিন বি–১২, ভিটামিন ডি ও ওমেগা–৩ রয়েছে, যা হৃদ্‌স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য উপকারী।

স্থানীয় জেলেরা জানান, লাল কোরাল সাধারণত গভীর সাগরে পাওয়া যায়। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত মৌসুমে সেন্টমার্টিন লাগোয়া সাগরে ঝাঁক বেধে চলাচল করে। 

সর্বশেষ