ঢাকা   বৃহস্পতিবার
২৮ মে ২০২৬
১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১১ জ্বিলহজ্জ ১৪৪৭

প্রাইভেটে এইচএসসির মানবণ্টন ও নির্দেশনা

agri24.tv

প্রকাশিত: ০৭:৫৪, ৯ জানুয়ারি ২০২৫

প্রাইভেটে এইচএসসির মানবণ্টন ও নির্দেশনা

প্রাইভেট পরীক্ষার্থীদেরকে বোর্ড নির্ধারিত কলেজের অধ্যক্ষের কাছে ৬ থেকে ২০ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় ফি এবং অন্যান্য দলিলসহ সাদা কাগজে আবেদন করতে হবে। ১২ থেকে ৩০ জানুয়ারির মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের প্রাইভেট পরীক্ষার্থীদের মানবণ্টন ও করণীয় জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রাইভেট পরীক্ষার্থীদেরকে বোর্ড নির্ধারিত কলেজের অধ্যক্ষের কাছে ৬ থেকে ২০ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় ফি এবং অন্যান্য দলিলসহ সাদা কাগজে আবেদন করতে হবে। ১২ থেকে ৩০ জানুয়ারির মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। পূরণ করা অনলাইন তালিকা এবং মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছ থেকে সত্যায়িত করে ২ ফেব্রুয়ারির মধ্যে বোর্ডের সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে।

বুধবার প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য নির্বাচিত কলেজের তালিকা, রেজিস্ট্রেশন, আবেদন পদ্ধতিসহ প্রয়োজনীয় কিছু নির্দেশনা জানিয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

নির্দেশনায় বলা হয়েছে, প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখা থেকে ১৬ ফেব্রুয়ারি থেকে গ্রহণ করতে হবে এবং একই শাখা থেকে একই সঙ্গে সমস্যাযুক্ত প্রিন্ট আউট সংশোধনের জন্য গ্রহণ করতে হবে।

সমস্যাযুক্ত প্রিন্ট আউটে প্রয়োজনীয় সংশোধন করে ২০ ফেব্রুয়ারি বোর্ডের সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে এবং এই শাখায় যোগাযোগ করে ফরম পূরণের আগে সংশোধিত অবশিষ্ট রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ করতে হবে।

প্রত্যেক পরীক্ষার্থীর তালিকাভুক্তি ফি ১০০ টাকা। পরীক্ষার্থীদের অবশ্যই নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসহ অন্য যেকোনো তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা দিতে হবে। মূল নম্বরপত্র তালিকার ক্রমানুসারে সাজিয়ে দিতে হবে। মাধ্যমিক বা সমমানের পরীক্ষা পাসের মূল নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। যে সব পরীক্ষার্থী ১৯৯৫ খ্রিষ্টাব্দের আগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের মূল নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক সত্যায়িত করতে হবে এবং মূল নম্বরপত্রের অপর পৃষ্ঠায় পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক যাচাই করা এবং সঠিক পাওয়া গেছে লেখা থাকতে হবে। কোনক্রমেই মাধ্যমিক পরীক্ষা বা সমমানের কোন সনদপত্র গ্রহণ করা হবে না।

যে সব পরীক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি-সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের মূল নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক সত্যায়িত করতে হবে এবং মূল নম্বরপত্রের অপর পৃষ্ঠায় পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক যাচাই করা এবং সঠিক পাওয়া গেছে লেখা থাকতে হবে।

যে সব পরীক্ষার্থী ১৯৯৯ থ্রিষ্টাব্দের আগে মাদরাসা শিক্ষা বোর্ড থেকে এসএসসি-সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের মূল নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক সত্যায়িত করতে হবে এবং মূল নম্বরপত্রের অপর পৃষ্ঠায় পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক ‘যাচাই করা এবং সঠিক পাওয়া গেছে’ লেখা থাকতে হবে।

যেসব পরীক্ষার্থী ২০২০ খ্রিষ্টাব্দের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে এবং ২০১৬ বা তার আগের বছরে এসএসসি-সমমান পরীক্ষায় উত্তীর্ণ তাদেরকে মূল প্রবেশপত্র জমা দিতে হবে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষা ২০২০ এবং তার আগের বছরের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ২০২৫ খ্রিষ্টাব্দের এইচএসসি-সমমান পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন। তাছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২০১৯ এবং তার আগের বছরের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ২০২৫ খ্রিষ্টাব্দের এইচএসসি-সমমান পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য অনুসরণ করতে হবে যেসব নিয়ম: রেজিস্ট্রেশন নবায়ন ছাড়া প্রাইভেট পরীক্ষার্থীরা ২০২৫ খ্রিষ্টাব্দের সিলেবাস অনুযায়ী এইচএসসি পরীক্ষা-২০২৫ এ অংশগ্রহণ করতে পারবেন। বোর্ড প্রণীত পরীক্ষা পরিচালনার নিয়মাবলি প্রাইভেট পরীক্ষার্থীদের বেলায়ও প্রযোজ্য হবে।

প্রাইভেট পরীক্ষার্থীকে বোর্ড নির্ধারিত যেকোনো একটি কলেজের মাধ্যমে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে শিক্ষক, পুলিশ ও প্রতিরক্ষা বাহিনীতে চাকরিরত ব্যক্তি এবং শারীরিক কিংবা দৃষ্টি প্রতিবন্ধী প্রাইভেট পরীক্ষার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংগ্রহণ করতে হবে না।

যেসব কলেজ থেকে পরীক্ষা দেয়া যাবে: কবি নজরুল সরকারি কলেজ, গুরুদয়াল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়াদী কলেজ, কুমুদিনী সরকারি কলেজ, ভাসানটেক সরকারি কলেজ, নাগরপুর সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি ইয়াছিন কলেজ, সরকারি তোলারাম কলেজ, শরীয়তপুর সরকারি কলেজ, সরকারি হরগঙ্গা কলেজ, মাদারীপুর সরকারি কলেজ, সরকারি দেবেন্দ্র কলেজ, রাজবাড়ী সরকারি কলেজ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, সরকারি বঙ্গবন্ধু কলেজ, নরসিংদী সরকারি কলেজ, শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজ।

নির্দেশনায় আরো বলা হয়েছে, প্রাইভেট পরীক্ষার্থীরা যে কলেজের মাধ্যমে নিবন্ধনকৃত বা রেজিস্ট্রেশন করবে সে কলেজের জন্য নির্ধারিত কেন্দ্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করবে। কোন অবস্থাতেই কেন্দ্র পরিবর্তন করা যাবে না।

প্রাইভেট পরীক্ষার্থীরা কেবল মানবিক, ব্যবসায় শিক্ষা ও ইসলামি শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবেন। যে সব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা আছে (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ছাড়া) সে বিষয়-বিষয়গুলো নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। প্রাইভেট পরীক্ষার্থীরা চতুর্থ বিষয় গ্রহণ করতে পারবে না। বোর্ডের কোনো কর্মচারী কর্মরত অবস্থায় নিজ বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তবে ইচ্ছা করলে নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বাংলাদেশের অন্য যেকোনো বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

প্রাইভেট পরীক্ষার্থীদেরকে নির্বাচনী পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। আবশ্যিক বিষয় বাংলা, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ অন্য যেকোনো তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা দিতে হবে। প্রত্যেক বিষয়ের পূর্ণমান ১০০ এবং সময় ৩ ঘন্টা। প্রাইভেট পরীক্ষার্থীদেরকে পরীক্ষার আগে বোর্ড নির্ধারিত তারিখের মধ্যে নির্ধারিত কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন শুধু ১ বছরের জন্য বলবৎ থাকবে।

প্রাইভেট পরীক্ষার্থীদের গৃহীত বিষয়গুলো সিলেবাসে উল্লিখিত গুচ্ছ মোতাবেক হতে হবে। গুচ্ছ বহির্ভূত বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করলে পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। প্রাইভেট পরীক্ষার্থীদেরকে ২০২৫ খ্রিস্টাব্দে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার বিজ্ঞপ্তি মোতাবেক সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছে পরীক্ষার ফি জমা দিতে হবে।

নির্বাচিত প্রাইভেট পরীক্ষার্থীরা বোর্ডের পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলি মেনে চলতে বাধ্য থাকবে। কোন কারণ না দেখিয়ে যে কোন পরীক্ষার্থী আবেদন ফরম বাতিল করার ক্ষমতা বোর্ড সংরক্ষণ করে।