মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, হাওর দেশের কৃষি ও মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোট বোরো ধান উৎপাদনের প্রায় অর্ধেক হাওরাঞ্চল থেকে আসে। কিন্তু কৃষিতে অতিরিক্ত কীটনাশক ও বালাইনাশক ব্যবহারের কারণে হাওরের মৎস্য সম্পদ ক্ষতির সম্মুখীন হচ্ছে।
রবিবার কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা পরিষদ হলরুমে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার নিবন্ধিত মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন উপদেষ্টা।
জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, কিশোরগঞ্জ যৌথভাবে এই আয়োজন করে।
ফরিদা আখতার বলেন, হাওরাঞ্চলে মৎস্য ও প্রাণিসম্পদ রক্ষায় কৃষি খাতে বালাইনাশক ব্যবহার সীমিত করতে জাতীয় কমিটি গঠন করা হয়েছে। কিভাবে কৃষিতে বালাইনাশক কমিয়ে উৎপাদন বাড়ানো যায় এবং একই সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ রক্ষা করা যায়, সে বিষয়ে কাজ চলছে। এসংক্রান্ত যে ঘোষণা আসবে, তা সবাইকে মেনে চলতে হবে।
মৎস্য উপদেষ্টা বলেন, বাঁধ নির্মাণসহ বিভিন্ন কারণে হাওরে প্রাকৃতিক পরিবর্তন ঘটছে।























