ঢাকা   বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬
২ বৈশাখ ১৪৩৩, ২৮ শাওয়াল ১৪৪৭

বৃষ্টির অভাবে আমন চাষ নিয়ে চরম বিপাকে ফুলবাড়ী কৃষকেরা

Argi24

প্রকাশিত: ২২:৩৮, ১৮ জুলাই ২০২৫

বৃষ্টির অভাবে আমন চাষ নিয়ে চরম বিপাকে ফুলবাড়ী কৃষকেরা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বর্ষা মৌসুমেও বৃষ্টির অভাবে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। পানির অভাবে জমি তৈরি, আমন চারা রোপণ ও পাট জাগ দেওয়া সম্ভব হচ্ছে না। যেসব জমিতে ইতিমধ্যে চারা রোপণ করা হয়েছে, সেগুলোতেও ফাটল দেখা দিচ্ছে। বাধ্য হয়ে অনেকে অগভীর নলকূপ বা শ্যালো মেশিন ব্যবহার করে সেচ দিয়ে চাষ করছেন, এতে বাড়ছে খরচ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলার পৌরসভা ও সাতটি ইউনিয়নে ১৮ হাজার ১৯০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বীজতলা তৈরি করা হয়েছে ৯০৭ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯২ হাজার ৭০০ মেট্রিক টন ধান।

জুলাই মাসে বৃষ্টিপাত কম হওয়ায় এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার অর্ধেক জমিতেও চারা রোপণ সম্ভব হয়নি। তীব্র গরম ও খরায় অনেক জমি শুকিয়ে চাষের অনুপযোগী হয়ে পড়েছে।

চাষের খরচ বাড়ছে
খয়েরবাড়ী ইউনিয়নের বারাইপাড়া গ্রামের কৃষক মোকছেদ আলী বলেন, বৃষ্টি না হওয়ায় বাধ্য হয়ে নলকূপের পানি দিয়ে সেচ দিচ্ছি। এক একর ২৫ শতাংশ জমিতে আমন চাষে প্রায় ১৬ হাজার টাকা অতিরিক্ত খরচ হচ্ছে।

আলাদিপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের কৃষক আমিনুল ইসলাম জানান, সাড়ে তিন একর জমিতে শ্যালো মেশিনে পানি দিয়ে চাষ করছি। এতে খরচ যেমন বাড়ছে, তেমনি ফলন নিয়েও অনিশ্চয়তা দেখা দিচ্ছে। ফসল ঘরে তোলার পর দাম পাওয়া যাবে কি না, সে চিন্তাও আছে।

আবহাওয়ার পূর্বাভাসে স্বস্তির ইঙ্গিত
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, মে মাসে বৃষ্টিপাত হয়েছে ৩৬৩ মিলিমিটার, জুনে ৩৭৮ মিলিমিটার এবং জুলাইয়ের ১৬ তারিখ পর্যন্ত মাত্র ৮৬ মিলিমিটার। ২৫ জুলাইয়ের পর বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে।

তবে সময় এখনো ফুরায়নি
ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহানুর রহমান বলেন, কৃষকরা যে সমস্যায় আছেন, সেটি আমরা জানি। মাঠপর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে। আগামী ১০ আগস্ট পর্যন্ত আমন চারা রোপণ করা যাবে। আশাকরি, পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাত হলে পরিস্থিতির উন্নতি হবে।