ঢাকা   শুক্রবার
১৫ মে ২০২৬
৩১ চৈত্র ১৪৩৩, ২৮ জ্বিলকদ ১৪৪৭

এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকা

Argi24

প্রকাশিত: ১১:১০, ২০ জুলাই ২০২৫

এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকা

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে একটি ইলিশ মাছ সাড়ে সাত হাজার টাকায় বিক্রির খবর পাওয়া গেছে। গতকাল শনিবার ভোরে পদ্মা নদীতে জেলে হারুন হালদারের জালে ধরা পড়ে এই ইলিশ। পরে বিক্রি করতে ইলিশটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ে যান জেলে হারুন। সেখানে এক কেজি ৮৯০ গ্রাম ওজন মেপে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখের কাছে তিন হাজার ৮০০ টাকা কেজি দরে ওই ইলিশটি সাত হাজার ১৮২ টাকায় বিক্রি করেন তিনি।

এদিকে ইলিশটি কিনে বেশি দামে বিক্রির আশায় দেশের বিভিন্ন এলাকার শৌখিন মাছক্রেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা চালান ব্যবসায়ী শাজাহান। পরে ভিডিও কলে ইলিশটি দেখিয়ে ময়মনসিংহ শহর এলাকার দুবাইপ্রবাসী এক ব্যক্তির কাছে চার হাজার টাকা কেজি দরে সাত হাজার ৫৬০ টাকায় ওই ইলিশটি বিক্রি করেন।